জেলার সংবাদ

খুলনায় ২ ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

খুলনা অফিস

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনার লবণচরা থানাধীন এলাকায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের ধারাবাহিক গুলিতে মঞ্জু ও নাজমুল (১৮) নামের দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক জোড়া খুনের ঘটনা ঘটে।

নিহত মঞ্জু আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে এবং পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন। অন্যদিকে নিহত অপর যুবক নাজমুলের বাবার নাম মনির শেখ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় আশিবিঘা কালভার্টের কাছে আড্ডা দিতে যাচ্ছিলেন মঞ্জু। এ সময় ওত পেতে থাকা ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার শরীরে দুটি গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় একই কায়দায় ১৮ বছর বয়সী নাজমুলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি হত্যাকাণ্ডের খবরে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন