জেলার সংবাদ

খুলনায় ৩ পিস স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

খুলনা অফিস

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনায় তিন পিস স্বর্ণের বারসহ মাসুদ মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে (জিআরপি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া এই স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে খুলনা রেলস্টেশনের প্লাটফর্মে মাসুদ মোল্লা নামের ওই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে তিন পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দা।

 

এ ঘটনায় খুলনা রেলওয়ে জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করেছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ মোল্লা পুলিশকে জানান, তিনি ঢাকা থেকে খুলনায় এসেছিলেন। পরে ট্রেনযোগে তার নড়াইল যাওয়ার কথা ছিল। তবে তার এই বক্তব্য এবং উদ্ধার হওয়া স্বর্ণের উৎস নিয়ে পুলিশের যথেষ্ট সন্দেহ রয়েছে।

 

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বিপুল পরিমাণ স্বর্ণ কোথা থেকে এলো এবং কোথায় পাচার করা হচ্ছিল-তা বিস্তারিত জানা প্রয়োজন। স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কি না। এর নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ লক্ষ্যে প্রয়োজনে আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করে তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন