খুলনার জেলখানা ঘাটের কাছে মাঝনদীতে ফেরির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ভৈরব নদে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি জেলখানা ঘাট থেকে রূপসার সেনেরবাজার ঘাটের দিকে যাচ্ছিল। ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ফেরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায় এবং বহু যাত্রী নদীতে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মাঝি, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রাথমিক উদ্ধারকাজ শেষে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা নিখোঁজের নিশ্চিত খবর পাওয়া যায়নি। নৌ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং নদীপথে নিরাপত্তা জোরদারে তৎপর রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।