জেলার সংবাদ

খুলনায় গরুর মাংস রান্নার সময় হয়ে গেল সবুজ, কড়াই নিয়ে হাজির থানায়

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনার পাইকগাছায় বাজার থেকে কেনা গরুর মাংস রান্নার সময় অদ্ভুতভাবে সবুজ রঙ ধারণ করার ঘটনা ঘটেছে। বাসি মাংসে ক্ষতিকর কেমিক্যাল বা ফরমালিন ব্যবহারের কারণে এমনটি হতে পারে বলে সন্দেহ করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করেছে এবং পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে।

জানা যায়, পাইকগাছা পৌর এলাকার 'মডার্ন বেকারি'র কর্মচারীরা নিজেদের বনভোজনের জন্য পৌর বাজারের ইসমাইলের দোকান থেকে গরুর মাংস কেনেন। বেকারির কর্মচারী ও বিরাশি গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, সকালে ইসমাইলের দোকানে গেলে তিনি জানান আজকের তাজা মাংস শেষ হয়ে গেছে। তবে গতকালের অবিক্রীত মাংস ফ্রিজে রাখা আছে। বনভোজনের আয়োজন যাতে পণ্ড না হয়, তাই বাধ্য হয়েই তারা ফ্রিজে রাখা সেই মাংস কিনে আনেন।

 

কিন্তু বিপত্তি বাঁধে রান্নার সময়। বেকারির বাবুর্চি কড়াইতে মাংস দিয়ে মশলাসহ কষানোর সময় লক্ষ্য করেন, মাংসটি অস্বাভাবিকভাবে সবুজ রঙ ধারণ করছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সবাইকে জানালে কর্মচারীরা রান্নাকৃত মাংসসহ কড়াইটি নিয়ে সরাসরি ইসমাইলের দোকানে হাজির হন এবং এর প্রতিবাদ করেন।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাংস বিক্রেতা ইসমাইল। তিনি বলেন, ‘আমার বিশ্বাস মাংসে কোনো সমস্যা নেই, আমি ভালো মাংসই দিয়েছি। ওই দিনের মাংস আরও অনেকেই কিনে নিয়ে গেছেন। মাংসে কোনো সমস্যা থাকলে অন্য ক্রেতাদেরও সমস্যা হতো, কিন্তু এখন পর্যন্ত অন্য কেউ এমন অভিযোগ নিয়ে আসেনি।’

 

পরবর্তীতে জনস্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবং ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ভুক্তভোগীরা রান্নাকৃত মাংসের কড়াই নিয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসীউজ্জামান চৌধুরীএর কার্যালয়ে উপস্থিত হন।

 

বিষয়টি নিশ্চিত করে ইউএনও ওয়াসীউজ্জামান চৌধুরী জানান, ‘মাংস ক্রেতারা কড়াইভর্তি রান্না করা মাংস নিয়ে আমার কার্যালয়ে এসেছিলেন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমি তাদের থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি এবং থানা পুলিশকে ঘটনাটি সুষ্ঠুভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।’

 

স্থানীয় সচেতন মহলের ধারণা, বাসি বা পচা মাংসে ফরমালিন কিংবা অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে ফ্রিজে সংরক্ষণ করা হলে রান্নার সময় তা বিক্রিয়া করে এমন রঙ পরিবর্তন হতে পারে। তবে পরীক্ষাগারে ল্যাব টেস্ট ছাড়া বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া সম্ভব নয়। জনস্বাস্থ্যের সুরক্ষায় দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী, যাতে ঘটনার প্রকৃত সত্য উন্মোচিত হয়।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন