খুলনায় গুলিবিদ্ধ এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আবারও তাকে বহনকারী অ্যাম্বুলেন্সে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) রাত ১২টার দিকে খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। তবে এই জোড়া গুলির ঘটনাকে রহস্যজনক বলে দাবি করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় খুলনা নগরীর লবণচরা শিপইয়ার্ড এলাকায় রাজু হাওলাদার নামের এক যুবক গুলিবিদ্ধ হন। রাজু চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গুলিবিদ্ধ অবস্থায় তিনি নিজেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
আহত রাজুকে নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হলে রাত ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছায়। অভিযোগ উঠেছে, সেখানেও দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তবে এই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক বা ভেতরে থাকা অন্য কোনো আরোহী হতাহত হননি। এমনকি অ্যাম্বুলেন্সের বড় কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, রাজুর শরীরে গুলির চিহ্ন থাকলেও ঘটনাটি ঠিক কোথায় এবং কখন ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিনি বলেন, রাজুর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাকে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায়। তার পেটে গুলির চিহ্ন ছিল। তবে তাকে ঠিক কোন স্থানে গুলি করা হয়েছে, সেই জায়গাটি এখনো শনাক্ত করা যায়নি।
অ্যাম্বুলেন্সে পুনরায় গুলির ঘটনার বিষয়ে ওসি আরও জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রথম দফার গুলি এবং পরে অ্যাম্বুলেন্সে হামলার অভিযোগ-উভয় ঘটনাই পুলিশের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
ডিবিসি/ এসএফএল