খুলনার দিঘলিয়া উপজেলায় গাজীরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা, রুবিয়া এবং ফারজানার ২২ মাস বয়সী কন্যাশিশু। নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, মোটরসাইকেল চালক শেখ শিহাব তাঁর স্ত্রী ফারজানা, শিশুকন্যা ও শ্যালিকা রুবিয়াকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে গাজীরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/আরএসএল