খুলনার রূপসা উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিম্মি বেগম নামে এক নারীকে পিটিয়ে ও থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। আজ (১০ এপ্রিল) শুক্রবার সকালে উপজেলার আইচগাতি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় ঘাতক ছেলে নাদিম হোসেনকে আটক করেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নাদিম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই তার মা নিম্মি বেগমকে চাপ দিতেন। আজ সকালেও তিনি মায়ের কাছে নেশার টাকা দাবি করেন।
মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নাদিম উত্তেজিত হয়ে প্রথমে লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত করতে তিনি ঘরে থাকা মসলা বাটার পাথরের পুতা দিয়ে মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিম্মি বেগমের মৃত্যু হয়।
সকাল দশটার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা নাদিমকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রূপসা থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নাদিমকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/টিবিএ