জেলার সংবাদ

খুলনায় ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থীর সমর্থকদের সঙ্গে ধাক্কা-ধাক্কিতে বিএনপি নেতার মৃত্যু

সিনিয়র রিপোর্টার, খুলনা

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬:০৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনায় জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের ধাক্কা-ধাক্কির ঘটনায় মহিবুজ্জামান কচি নামে স্থানীয় বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নগরীর আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, সকালে আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে অবস্থান করছিলেন মহিবুজ্জামান কচি। 

 

এ সময় ভোট নিয়ে খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াত নেতা আব্দুর রহিমের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কচিকে ধাক্কা দিয়ে একটি গাছের ওপর ফেলে দেওয়া হয়। পরবর্তীতে বিএনপি সমর্থকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

 

নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে অস্বাভাবিক মৃত্যু দাবি করে এর বিচার চাওয়া হয়েছে। নিহতের দুই ভাই জানান, যেহেতু তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তাই এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এদিকে খুলনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হুসাইন হেলাল এই ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। তবে তার কর্মীর কারণে এই মৃত্যু হয়েছে- এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জাহাঙ্গীর হুসাইন হেলালের দাবি, যেহেতু ঘটনাটি ভোটকেন্দ্রের ভেতরে ঘটেছে, তাই ওই সময়ের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বস্তুগত আলামত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। আলামত যাচাই করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং জানা যাবে এই মৃত্যুর জন্য বিএনপি না জামায়াতের কর্মীরা দায়ী।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন