বাংলাদেশ, রাজধানী

খেজুরের দাম নিয়ে তর্ক: ঢাকার স্টার কাবাবে গ্রাহকদের ওপর কর্মীদের হামলা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে (স্টার কাবাব) ইফতারের খেজুরের দাম নিয়ে তর্কের জেরে গ্রাহকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রেস্তোরাঁ কর্মীদের ছোঁড়া চেয়ার ও বোতলের আঘাতে বেশ কয়েকজন সাধারণ ক্রেতা আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) ইফতারের আগমুহূর্তে রায়সাহেব বাজার মোড় সংলগ্ন এই শাখায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কয়েকজন ক্রেতা ইফতার করতে স্টার কাবাবে যান। ইফতারের আয়োজনে থাকা খেজুরের দাম নিয়ে কাউন্টারে কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর কর্মীরা সংঘবদ্ধ হয়ে গ্রাহকদের ওপর চড়াও হন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতর ও সামনের অংশে চরম উত্তেজনা বিরাজ করছে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, হোটেলের ইউনিফর্ম পরা কর্মীরা গ্রাহকদের ধাক্কাধাক্কি করছেন। এ সময় একজন কর্মীকে প্লাস্টিকের চেয়ার উঁচিয়ে গ্রাহকদের দিকে ছুড়ে মারতে এবং অন্য একজনকে পানির বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়। বেশ কয়েকজন কর্মী মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে মারধর ও টানাহেঁচড়া করেন। উপস্থিত অন্যান্য গ্রাহকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও দীর্ঘক্ষণ সেখানে উত্তেজনা চলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানান, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


তিনি আরও বলেন, "মারধরের শিকার হওয়া ক্রেতারা থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।"


রাজধানীর অন্যতম জনপ্রিয় চেইন রেস্টুরেন্ট স্টার কাবাবের কর্মীদের এমন উগ্র আচরণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সুষ্ঠু ব্যবস্থাপনা ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন