জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তিনি বিশ্বাস করেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমেই দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। দেশের মানুষের বর্তমান রাজনৈতিক সচেতনতার প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার চেয়ে রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেশি, যা ইতিবাচক।
তিনি স্মরণ করিয়ে দেন যে, রাজনৈতিক আকাঙ্ক্ষার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং যখনই স্বৈরশাসন জেঁকে বসেছে, তখনই ছাত্র-যুবসমাজ রাজপথে নেমে তা প্রতিহত করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে।
গত ১৬ বছরের শাসনব্যবস্থাকে 'মাফিয়া তন্ত্র' হিসেবে অভিহিত করে স্পিকার বলেন, ছাত্র-জনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে এই শাসনের অবসান ঘটিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।
সাধারণ মানুষের এই ত্যাগের ফলে গণতন্ত্রের প্রতি জনগণের ঐকান্তিক আগ্রহ বেড়েছে যা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের মাটিতে গণতান্ত্রিক ধারা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এই পথ ধরেই আসবে অর্থনৈতিক সমৃদ্ধি।
ডিবিসি/টিবিএ