রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্যহীন সাম্যভিত্তিক সমাজ গঠন এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে একটি সুদৃঢ় সাংবিধানিক কাঠামো গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব এবং ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ৯০-এর দশকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সংসদীয় গণতন্ত্র চালুর মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছিল।

 

সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতা ও বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশ পুনরায় স্বৈরাচারমুক্ত হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার কাজ চলছে। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ বা অপশক্তির উত্থান না ঘটে, সেজন্য সাংবিধানিক সংস্কারের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন