বাংলাদেশ

গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণের সম্ভাবনা রয়েছে। বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ভাড়া বাড়ানোর বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দ্রুতই একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তেলের দাম বাড়ার পর থেকেই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বাড়ানোর জোর দাবি জানিয়ে আসছেন। যদিও সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবুও দেশের বিভিন্ন স্থানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অনেক জায়গায় এ নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বচসা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে জনদুর্ভোগ এড়াতে সরকারিভাবে নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর একটি প্রাথমিক প্রস্তাব দিয়েছে। তবে আজকের চূড়ান্ত বৈঠকে এই হার কিছুটা কমবেশি হতে পারে। বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। পরিবহন মালিকদের দাবি, কেবল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিই নয়, ডলারের ঊর্ধ্বগতির কারণে গাড়ির খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। তাই বর্তমান খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ভাড়া সমন্বয় করা অত্যন্ত জরুরি।

 

উল্লেখ্য, সম্প্রতি জ্বালানি তেলের নতুন দর অনুযায়ী লিটারপ্রতি ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আজকের বৈঠকে প্রস্তাবিত ভাড়া চূড়ান্ত হলে, নতুন এই হার কবে থেকে কার্যকর হবে সে বিষয়েও আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন