জাতীয় নাগরিক পাটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চব্বিশের আন্দোলনে জীবন দেওয়া মানুষগুলোর খুনিদেরকে টাকার বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দেশের সত্তর ভাগ মানুষের গণভোটের বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খুনিদের রক্ষার জন্য তারা ট্রাইবুনাল পছন্দের লোক বসিয়েছে। তারা ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মসজিদ কমিটি পর্যন্ত তারা দখলে নিয়েছে। আমরা বলেছিলাম আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলবে না। তারা আমাদের ও আবু সাইদের স্বপ্নভঙ্গ করেছে।
তিনি বলেন, দুইশ আসন পেয়ে বিএপির পাখির মতো পাখনা গজিয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশে সংস্কার যদি না হয় তাহলে আকাশে ওড়ার পাখনা ভেঙ্গে পড়বে।
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, এনসিপির উত্তারাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, কুড়িগ্রাম- ২ আসনের সংসদ সদস্য এনসিপির যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডিবিসি/এসএস