গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশের প্রকৃত চিত্র ও সত্য ঘটনা জনগণের সামনে উঠে আসবে বলে মন্তব্য করেছেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন।
গতকাল রাতে চট্টগ্রামে কর্মরত ভিডিও জার্নালিস্টদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল হোসেন বলেন, বর্তমান সময়ে ভিডিও জার্নালিস্টরা অত্যন্ত ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে কাজ করছেন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে তারা মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভিডিও চিত্রগ্রাহকদের অবদান অপরিসীম।
সভায় অন্যান্য বক্তারা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহসভাপতি সঞ্জীব দে বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ ও ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, এবং কার্যনির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও নাজিম উদ্দিনসহ সাধারণ সদস্যরা।
ডিবিসি/এসএফএল