কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পচা গরুর মাংস বিক্রির দায়ে ইকরামুল হক নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করা হয়।
ফুলবাড়ী বাজারে নষ্ট হয়ে যাওয়া গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করেন। এসময় ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটকে রেখে প্রশাসনকে খবর দেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ইকরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করায় তাকে কারাগারে পাঠানো হয়নি। আদালতের নির্দেশে জব্দকৃত পচা মাংস জনসমক্ষে মাটিতে পুঁতে ফেলা হয়।
অভিযানে উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে বাজার তদারকি এবং ভেজাল খাদ্য বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
ডিবিসি/টিবিএ