গরু বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর মা-ছেলেসহ তিন ভারতীয় নাগরিককে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে লালমনিরহাট সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে ফেরত দেওয়া হয়।
সীমান্ত ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে ভারতের জারিধল্লার দরিবস এলাকা থেকে হোসনে আরা বেগম (৪৬) নামের এক নারী একটি গরু ও দুটি বাছুরসহ লালমনিরহাটের দিঘলটাড়ি সীমান্তের ৯২৬ নম্বর প্রধান পিলারের এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরবর্তীতে ওই নারীকে খুঁজতে তাঁর ছেলে জাহিদ হাসান ও স্থানীয় নাগরিক অর্জুন বর্মন সীমানা পেরিয়ে বাংলাদেশে আসেন।
সীমান্তে অনুপ্রবেশের বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পেয়ে দ্রুত পদক্ষেপ নেন বিজিবি সদস্যরা। পরে একই দিন বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক তিন ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিএসএফ প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, অবৈধ অনুপ্রবেশের ঘটনাটি নজরে আসার পরপরই বিজিবির পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় এবং প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/ এসভিএন