জেলার সংবাদ

গাইবান্ধায় ঘুমন্ত চাচাকে গলাকেটে হত্যা করল মাদকাসক্ত ভাতিজা

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ঘুমন্ত অবস্থায় শাহ জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ভাতিজার বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহ জামাল ওই গ্রামের জংলু মিয়ার ছেলে। অভিযুক্ত ভাতিজার নাম গোলাম হোসেন (৩৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে শাহ জামাল নিজের ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে তার ভাতিজা গোলাম হোসেন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়। স্বজনরা জানান, অভিযুক্ত গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। এর আগে সে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর পা কেটে দিয়েছিল, যার ফলে তার স্ত্রী তাকে ছেড়ে ঢাকায় চলে যান। ভাতিজার এসব বেপরোয়া ও সহিংস আচরণের কারণে চাচা শাহ জামাল তাকে প্রায়ই শাসন করতেন। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভের বশবর্তী হয়েই এই নৃশংস হত্যার ঘটনা ঘটিয়েছে সে।

 

রোববার (১২ জুলাই) সকাল ৯টার দিকে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন