জেলার সংবাদ

গাইবান্ধায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) বিকেল আনুমানিক পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং সম্প্রতি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। বুধবার বিকেলে হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। এ সময় বাইরে শুকাতে দেওয়া খড় তুলে আনার জন্য মা কল্পনা রাণী ছেলে সোহাগকে ডাক দেন। মায়ের ডাকে সাড়া দিয়ে দুজনে মিলে বাড়ির বাইরে খড় আনতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন তারা।


মান্দুরা গ্রামের স্থানীয় ইউপি সদস্য সাহিন আলম জানান, বজ্রপাতে মা ও ছেলে দুজনেই গুরুতরভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন