বাংলাদেশ, জেলার সংবাদ

গাইবান্ধায় শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর চাপায় প্রাণ গেল গৃহবধূর

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধা সদর উপজেলায় এক শিশুকে বাঁচাতে গিয়ে মাটিবাহী ট্রাক্টরের (কাঁকড়া) চাপায় মিনি বেগম (৪৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন নারী আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ত্রিমোহিনী-বালুয়া সড়কের ডিব বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনি বেগম ওই এলাকার খোরশেদ আলম ওরফে ফুল মিয়ার স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিব বাজার এলাকায় সামাদ মেম্বারের বাড়ির সামনের উঠানে কয়েকজন নারী বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি শিশু দৌড়ে সড়কের দিকে চলে গেলে তাকে বাঁচাতে চারজন নারী দ্রুত ছুটে যান। শিশুটি অক্ষত থাকলেও নিয়ন্ত্রণহীন একটি ট্রাক্টর তাদের ওপর উঠে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মিনি বেগমের মৃত্যু হয়।

 

আহত অপর তিন নারীর মধ্যে একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্টর ও চালকের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন