বাংলাদেশ, জেলার সংবাদ

গাইবান্ধায় স্ত্রীকে হত্যায় স্বামী আটক, ১২ বছর আগে খুন করেছিলেন শাশুড়িকে!

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর পালানোর সময় অভিযুক্ত স্বামী বিরাজ মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। চাঞ্চল্যকর তথ্য হলো, এই ব্যক্তিই প্রায় এক যুগ আগে নিজের শাশুড়িকেও হত্যা করেছিলেন বলে জানা যায়।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূ দুলালি বেগম উপজেলার রামনাথপুর গ্রামের দুদু মিয়ার মেয়ে এবং অভিযুক্ত বিরাজ মিয়া পার্শ্ববর্তী কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সোমবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে বিরাজ মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী দুলালি বেগমের বুকে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দুলালি বেগমের মৃত্যু হয়। ঘটনার পর বিরাজ মিয়া দৌড়ে পালিয়ে একটি পাটক্ষেতে আত্মগোপনের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলেন এবং পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

স্থানীয়রা জানান, বিরাজ মিয়া প্রায় ১০ থেকে ১২ বছর আগে তার শাশুড়ি সেলিনা বেগমকেও হত্যা করেছিলেন। ওই হত্যা মামলায় কারাগারে থাকার সময় স্ত্রী দুলালি বেগমের উদ্যোগেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। 

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতার সহায়তায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন