গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত শিশুরা হলেন- পূর্ব বেলকা গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) এবং বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা ও জাম পাড়ার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সৃজন ও বৃন্দা। পরে দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবিসি/এসএফএল