গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকারে করে ছাগল চুরির সময় হাতেনাতে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কামদিয়া ইউনিয়নের চেয়ারগ্রাম এলাকায় দিঘীরহাট-ঘোড়াঘাট সড়কের পাশ থেকে একটি ছাগল কৌশলে সাদা রঙের একটি প্রাইভেটকারে তুলে নেয় চোরচক্র। বিষয়টি এক পথচারী দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে দিঘীরহাট বাজারে থাকা পরিচিতদের মোবাইল ফোনে বিষয়টি জানিয়ে গাড়িটি আটক করতে বলেন।
খবর পেয়ে বাজারের লোকজন দ্রুত দিঘীরহাট বাজারের চারমাথা মোড়ে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি বাজারে পৌঁছালে স্থানীয়রা সেটিকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পরে গাড়ি থেকে চুরি হওয়া ছাগলটি উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছাগল ও ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, জনতার সহায়তায় দুই ছাগল চোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিবিসি/এসএফএল