গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত আনিসুর রহমান মন্ডল (৪৫) মারা গেছেন। আজ বুধবার (১৩ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনিসুর রহমান উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট এলাকার নুরুল হক মন্ডলের ছেলে।
গত মঙ্গলবার (১২ মে) দুপুরে নাকাইহাট বন্দরে স্থানীয় সার্ভেয়ার জমি পরিমাপ করতে যান। জমি মাপার একপর্যায়ে সীমানা নির্ধারণ নিয়ে আব্দুল মালেক ও শাহ আলমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই সংঘর্ষে আনিসুর রহমানসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনিসুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আনিসুর রহমান তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি বর্তমানে চরম দিশেহারা ও অসহায় হয়ে পড়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফ আল রাজিব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ডিবিসি/টিবিএ