গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা এক প্রতারককে আটক করা হয়েছে। রবিবার সকালে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস থেকে জাফরুল্লাহ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের বাসিন্দা।
জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী জানান, সকালে জাফরুল্লাহ অফিসে এসে অডিটর কৌশিককে খুঁজতে থাকেন এবং অফিস সহায়কের কাছ থেকে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন।
নিজেকে দুদকের সোর্স পরিচয় দিয়ে তিনি অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নিয়ে যান। সেখানে এক ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলিয়ে দেন, যিনি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার কথা জানান এবং বিষয়টি সুরাহার জন্য জাফরুল্লাহর সঙ্গে আলোচনার পরামর্শ দেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে কৌশিক তাকে অফিসে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় জাফরুল্লাহ তার পরিচয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন। একপর্যায়ে তার ভোটার আইডি কার্ড চেক করে স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়া যায়। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, পুলিশ এবং দুদক কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক এ কে এম নুর আলম সিদ্দিক জানান, সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের পূর্বনির্ধারিত গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই আয়োজনকে পুঁজি করে একটি চক্র প্রতারণার মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ডিবিসি/টিবিএ