গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে একের পর এক প্রাণহানির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। গত ৬ ও ৯ মে তিনজনের মৃত্যুর পর মঙ্গলবার (১২ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পাগলা কুকুরের কামড়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।
মৃতরা হলেন উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামের নন্দ রানী (৫৫), একই ইউনিয়নের ফুল মিয়া, ছাপরহাটি ইউনিয়নের রতনেশ্বর কুমার এবং সর্বশেষ মারা যাওয়া কঞ্চিবাড়ি ইউনিয়নের আফরোজা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি, কঞ্চিবাড়ি এবং পাশের ছাপরহাটি ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ করে আক্রমণ চালায়। এ সময় দুই শিশুসহ অন্তত ১৩ জন আহত হন।
কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আরও ৯ জন নারী ও শিশুসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
এদিকে পরপর চারজনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত আক্রান্তদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এলাকায় কুকুর নিধন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ডিবিসি/আরএসএল