জেলার সংবাদ

গাইবান্ধায় প্রশিক্ষণ দেওয়ার সময় সাপের ছোবলে ওঝার বাড়িতেই সাপুড়ের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা উপলক্ষে নতুন ধরা একটি বিষধর সাপকে প্রশিক্ষণ দেওয়ার সময় সাপের ছোবলে আজাদুল ইসলাম ঘুটু (২৮) নামের এক সাপুড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার রাজা বিরাট এলাকার পার্শ্ববর্তী শিবসমুদ্র গ্রামে এক ওঝার বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত আজাদুল ইসলাম ঘুটু উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই মেলা উপলক্ষে সাপুড়ে আজাদুল সোমবার বিকেলে একটি নতুন বিষধর সাপ ধরেন। পরে সাপটিকে খেলা দেখানোর উপযোগী করতে প্রশিক্ষণ দেওয়ার সময় সেটি হঠাৎ তাকে ছোবল মারে। এতে তিনি মুহূর্তের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

 

সাপে কাটার পর আধুনিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে না নিয়ে, স্থানীয়রা বিষ নামানোর উদ্দেশ্যে রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকার এক ওঝার বাড়িতে নিয়ে যায়। সেখানে সনাতন পদ্ধতিতে বিষ নামানোর চেষ্টা চলাকালেই রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আজাদুল।

 

স্থানীয়রা জানান, আজাদুল পেশায় একজন দক্ষ সাপুড়ে ছিলেন। গত কয়েকদিন ধরেই বিভিন্ন স্থানে পাতা খেলার সময় তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে দর্শকদের খেলা দেখাতেন। মঙ্গলবারের আসাদ মোড়ের পাতা খেলাতেও তার একটি বড় আকারের সাপ প্রদর্শনের কথা ছিল। সেই চমক দেখানোর প্রস্তুতি হিসেবেই নতুন সাপটিকে প্রশিক্ষণ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

 

ডিবিসি/এমএনকে
 

আরও পড়ুন