বাংলাদেশ, জেলার সংবাদ

গাইবান্ধায় সবজির আড়ালে গাঁজা চাষ

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার সুন্দরগঞ্জে সবজি বাগানের আড়ালে কৌশলে গাঁজা চাষ করার অভিযোগ উঠেছে মো. আয়নাল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ উদ্ধার করলেও অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন।

আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে এই অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযুক্ত আয়নাল হক ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আয়নাল হক দীর্ঘদিন ধরে তার বাড়ির পেছনের সবজি বাগানে নিষিদ্ধ এই মাদক গাছের চাষ করে আসছিলেন। পুলিশের নজরদারি এড়াতে তিনি বাগানটি জালের বেড়া দিয়ে ঘিরে রাখতেন। এমনকি সবজি গাছের উচ্চতার সঙ্গে মিল রাখতে নিয়মিত গাঁজা গাছের মাথা ছেঁটে দিতেন তিনি।

 

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বিকেলে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়নাল হক পালিয়ে গেলেও বাগান থেকে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ জব্দ করা হয়।

 

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, পুলিশের চোখ ফাঁকি দিতেই সবজির আড়ালে এই নিষিদ্ধ চাষাবাদ চলছিল। উদ্ধারকৃত গাছটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব না হলেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন