গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এস এম মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে আটক করে থানায় হস্তান্তর করেন। শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, অভিযুক্ত মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর স্ট্যাটাস দেন। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর শাড়ি পরা একটি ছবি ব্যবহার করে ক্যাপশনে লেখেন, ‘আন্টি ক্ষমতায় আসতে না আসতে ব্যাংক খেয়ে ফেলতেছে’। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর ক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত যুবক মিজানুর রহমান উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তবে স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ।
এ বিষয়ে ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সোপর্দ করা ওই অভিযুক্ত যুবককে আজ কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিবিসি/আরএসএল