আন্তর্জাতিক

গাজাগামী ফ্লোটিলার আটক যাত্রীদের অনির্দিষ্টকালের অনশন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা অক্টোবর ২০২৫ ০৮:২১:২২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র যাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার (৩রা অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এক বিবৃতিতে জানিয়েছে, মিশনের নৌযান ও আরোহীদের আটকের প্রতিবাদেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এফএফসির বিবৃতি অনুসারে, গত বুধবার যখন প্রথম দফায় আরোহীদের আটক করা হয়, সেদিনই তারা অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১শে আগস্ট স্পেনের একটি বন্দর থেকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪৩টি জাহাজ যাত্রা শুরু করে। এই মিশনে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক অংশ নেন, যাদের মধ্যে আইনজীবী, সংসদ সদস্য, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবকরাও ছিলেন।

 

গাজার জলসীমার কাছে পৌঁছানোর পরই ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ওপর অভিযান শুরু করে। গত বুধবার রাতে প্রথমে ১৩টি নৌযান আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আরও ২৯টি জাহাজ জব্দ করা হয়। সবশেষ, শুক্রবার সকালে বহরের চূড়ান্ত জাহাজটিকেও আটক করে ইসরায়েলি বাহিনী এবং সকল ক্রু ও যাত্রীদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন