ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ৫৩০ টন জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে আফগানিস্তান সরকার। বুধবার (১৫ এপ্রিল) কাবুলের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, মিশরে অবস্থানরত একটি বিশেষ আফগান প্রতিনিধি দল এই বিপুল ত্রাণ সামগ্রী সংগ্রহ ও প্রস্তুত করেছে, যা ইতোমধ্যেই রাফাহ সীমান্ত দিয়ে সফলভাবে গাজায় প্রবেশ করেছে।
প্রায় ৫ লাখ ডলার সমমূল্যের এ মানবিক সহায়তার মধ্যে খাদ্যদ্রব্য, পোশাকসহ জীবনধারণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন নিত্যপণ্য অন্তর্ভুক্ত রয়েছে। আফগান কর্তৃপক্ষের তথ্যমতে, এ ত্রাণ সামগ্রী গাজার প্রায় ২২ হাজার দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে। এই মানবিক সহায়তা প্রেরণের পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে নিজেদের সুদৃঢ় ও অবিচল অবস্থানের কথা আবারও পুনর্ব্যক্ত করেছে কাবুল।
আফগানিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনিদের বৈধ অধিকার এবং ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতেই এই দীর্ঘস্থায়ী সংকটের স্থায়ী সমাধান হওয়া উচিত।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৭২ হাজার ৩৩৬ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ৭২ হাজার ২১৩ জন আহত হয়েছেন। হতাহতদের এই বিশাল সংখ্যার মধ্যে বেশিরভাগই নিরীহ নারী ও শিশু। গত অক্টোবর থেকে উপত্যকাটিতে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত নয়। গাজা সরকারের মিডিয়া অফিস অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত গোলাবর্ষণ ও অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে এই যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন করে চলেছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এএমটি