আন্তর্জাতিক, অন্যান্য

গাজার পুনর্গঠনে ৫০০ কোটি ডলারেরও বেশি অনুদানের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘বোর্ড অব পিস’ এর সদস্য রাষ্ট্রগুলো গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য ৫০০ কোটি (৫ বিলিয়ন) ডলারেরও বেশি অনুদানের ঘোষণা দিতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই অর্থের প্রতিশ্রুতি ঘোষণা করা হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, অর্থ সহায়তার পাশাপাশি সদস্য দেশগুলো গাজায় জাতিসংঘ-অনুমোদিত স্থিতিশীলতা বাহিনী এবং স্থানীয় পুলিশের জন্য হাজার হাজার কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্ট জানান, বৃহস্পতিবারের এই সমাবেশটি হবে গ্রুপের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এটি অনুষ্ঠিত হবে ‘ডোনাল্ড জে. ট্রাম্প ইনস্টিটিউট অব পিস’-এ, যা সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রেসিডেন্টের নামে নামকরণ করেছে। রাষ্ট্রপ্রধানসহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধিদল এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

 

ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধ অবসানে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে এই বোর্ড গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল। গত বছর ইসরায়েল ও হামাস এই পরিকল্পনায় সম্মত হয় এবং অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ভূখণ্ডটিতে ৫৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, একই সময়ে ফিলিস্তিনি জঙ্গিদের হামলায় তাদের চারজন সৈন্য নিহত হয়েছে।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্ক, মিসর, সৌদি আরব, কাতার এবং ইসরায়েলের মতো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলোর পাশাপাশি ইন্দোনেশিয়ার মতো উদীয়মান দেশগুলো এই বোর্ডে যোগ দিয়েছে। তবে বৈশ্বিক শক্তিধর দেশ এবং যুক্তরাষ্ট্রের প্রথাগত পশ্চিমা মিত্ররা এ বিষয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন