ধ্বংসস্তূপ মানেই কি কেবল বিনাশ আর শোকের চিহ্ন? গাজার দুই কিশোরী বোন তালা ও ফারাহ মুসা তা মনে করেন না। চারপাশের ধ্বংসলীলাকে ইতিবাচক কিছুতে রূপান্তর করতে তারা তৈরি করেছেন ‘পুনর্ব্যবহারযোগ্য ইট’। এই উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ তারা জিতে নিয়েছেন পরিবেশ বিষয়ক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা ‘দ্য আর্থ প্রাইজ’।
১৭ বছর বয়সী তালা ও ১৫ বছর বয়সী ফারাহ মুসা মধ্যপ্রাচ্য আঞ্চলিক পর্যায়ে এই পুরস্কার জয় করেছেন। গত এক বছরের যুদ্ধে বারবার বাস্তুচ্যুত হওয়া এবং নিজেদের বাড়িটি বোমায় ধ্বংস হতে দেখার পর তারা এই বিকল্প পথ খুঁজে বের করেন। তালা বলেন, পুরো শহর যখন ধ্বংসস্তূপে পরিণত হলো, তখন চারপাশের পরিস্থিতিই আমাদের সমাধানের পথ খুঁজতে বাধ্য করেছে। আমরা ধ্বংসস্তূপকে কেবল ক্ষতির প্রতীক হিসেবে না দেখে তাকে নতুন কিছুর শুরু হিসেবে দেখার চেষ্টা করেছি।
বর্তমানে তাঁবুতে বসবাসকারী এই দুই বোন ধ্বংসাবশেষ থেকে কুড়িয়ে আনা পাথর ও সিমেন্টের টুকরো গুঁড়ো করে সেগুলোকে চালনি দিয়ে ছেঁকে নেন। এরপর তার সাথে কাদা, ছাই এবং কাঁচের গুঁড়ো মিশিয়ে তৈরি করছেন বিশেষ ধরণের ইট। যদিও এই ইটগুলো বড় দালানের মূল ভার বহনের উপযোগী নয়। তবে এগুলো দিয়ে ফুটপাথ বা চলাচলের পথ তৈরি, ঘরের অভ্যন্তরীণ বিভাজক নির্মাণ, বাগানের বেষ্টনী তৈরি করা সম্ভব।
ইতোমধ্যেই তারা তাদের তৈরি ইটের কার্যকারিতা পরীক্ষা করতে প্রতিবেশীদের তাঁবু শক্ত করে ধরে রাখার কাজে ব্যবহার করেছেন।
পুরস্কার হিসেবে প্রাপ্ত ১২,৫০০ মার্কিন ডলার (প্রায় ১৫ লাখ টাকা) দিয়ে তারা গাজার অন্য তরুণদের প্রশিক্ষণ দিতে চান। ফারাহ বলেন, আমরা চাই গাজার মানুষ বাইরের সাহায্যের ওপর নির্ভর না করে নিজেরাই নিজেদের শহর পুনর্গঠনে অংশ নিক। তাদের পরিকল্পনা অনুযায়ী, তারা অন্তত ১০০ জন তরুণকে এই ইট তৈরির প্রশিক্ষণ দেবেন এবং প্রাথমিকভাবে ২০০টি ইট উৎপাদন করবেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ (১৯ লক্ষ) বাস্তুচ্যুত হয়েছেন। ২০২৫ সালের শুরুর দিকের হিসাব অনুযায়ী, এই ভূখণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ বিলিয়ন ডলার। চারদিকে ছড়িয়ে আছে কয়েক মিলিয়ন টন ধ্বংসস্তূপ। এই বিশাল আবর্জনাকে সম্পদে রূপান্তরের এক অনন্য উদাহরণ তৈরি করলেন তালা ও ফারাহ।
‘দ্য আর্থ প্রাইজ’ কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। আয়ারল্যান্ডের এক তরুণ তৈরি করেছেন জৈব-পচনশীল প্লাস্টিক এবং কেনিয়ার দুই কিশোর উদ্ভাবন করেছেন প্রাকৃতিক ফিল্টার ব্যবহার করে যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণের সাশ্রয়ী পদ্ধতি। চূড়ান্ত পর্যায়ে জনগণের ভোটের মাধ্যমে এই সব আঞ্চলিক বিজয়ীদের মধ্য থেকে মূল বিজয়ী ঘোষণা করা হবে।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হলেও ত্রাণ সংস্থাগুলো বলছে, বড় আকারের কাজ এখনো শুরু হয়নি। এমন পরিস্থিতিতে তালা ও ফারাহর এই ক্ষুদ্র উদ্যোগ গাজাবাসীর মনে নতুন করে বেঁচে থাকার আশা জাগাচ্ছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসএফএল