গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ক্যাম্পের মাধ্যমে প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গাইনি, সার্জারি, মেডিসিন ও শিশু রোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
প্রথমে মেডিকেল অফিসাররা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও রোগের বৃত্তান্ত শুনে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠান। পরে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।
কর্তৃপক্ষ জানায়, কোনো প্রয়োজনীয় ওষুধ মাঠ পর্যায়ে তাৎক্ষণিকভাবে সরবরাহ করা সম্ভব না হলে পরবর্তীতে তা প্রদান করা হবে। এছাড়া জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ রাজেন্দ্রপুরে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হবে।
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা গ্রহীতারাও।
ডিবিসি/আরপিডি