গাজীপুরের কালিয়াকৈরে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের পেছনে পশুবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা একটি গরুও মারা গেছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাতান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার কলাদিয়া গ্রামের হানিফ এবং একই থানার শিমুলিয়া গ্রামের আলমগীর।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি পশুবাহী পিকআপ ভ্যান বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপে থাকা হানিফ ও আলমগীর ঘটনাস্থলেই প্রাণ হারান। একই সঙ্গে গাড়িতে থাকা একটি গরুও মারা যায়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/আরএসএল