গাজীপুরের শ্রীপুরে বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত কভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫) ও তার স্ত্রী বিথী আক্তার (৩০)। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানার মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। এই দম্পতির ৯ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ওই দম্পতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী বিথী আক্তার মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় স্বামী রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিবিসি/আরএসএল