গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তার সহপাঠীরা।
রবিবার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে মাদ্রাসার প্রধান গেট ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে। এর ফলে মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যা দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে ফেলেছে।
নিহত ওই শিক্ষার্থীর নাম ইয়াসিন আলী (১৭)। সে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে ইয়াসিন পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল ইয়াসিন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার পরই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ডিবিসি/পিআরএএন