বাংলাদেশ, জেলার সংবাদ

গাজীপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৬

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের কালিয়াকৈরে একটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। কুকুরের এমন অতর্কিত আক্রমণে বর্তমানে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আহতদের মধ্যে রয়েছেন— শামীম হোসেন, শিপলু সরকার, শাহিনুর, ইউসুফ আলী, গোলাম রাব্বী, সুরুজ্জামান, সানোয়ার, রিদয় রায়, ফারুক হোসেন, কাউসার, রেজাউল করিম, লুৎফর রহমান, সামিয়া খানম, শাহরুফ হাসান ও শহীদুল ইসলামসহ অন্তত ১৬ জন।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার মাকিসবাথান, গোয়ালবাথান, খাড়াজোড়া, টান কালিয়াকৈর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিতকিতলা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর পথচারীদের তাড়া করতে থাকে। পথে যারাই কুকুরটির মুখোমুখি হয়েছেন, তাদের ওপরই ঝাপিয়ে পড়ে কামড়ে জখম করেছে সেটি।


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া ফ্লাইওভার এলাকার প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার মুজিবুর মিয়া বলেন, দুজন নারী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কুকুরটি দৌড়ে এসে একজনের ওপর ঝাপিয়ে পড়ে পায়ে কামড় দেয়। আমরা লাঠিসোটা নিয়ে ধাওয়া দিলে কুকুরটি পালিয়ে যায়।


আহত সানোয়ার হোসেন জানান, অফিস শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে কুকুরটি হঠাৎ তার মুখোমুখি হয় এবং পাশ কাটিয়ে যাওয়ার সময় পায়ে কামড়ে দেয়। পরে হাতের ব্যাগ দিয়ে আঘাত করলে সেটি পালিয়ে যায়।


আহতরা সবাই কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ নাফিজুর রহমান জানান, বিকেল থেকে কুকুরের কামড়ে আহত ১৬ জন রোগী হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে জলাতঙ্ক প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন (টিকা) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এ. এইচ. এম. ফখরুল হোসাইন জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। জননিরাপত্তায় ব্যবস্থা নিতে ইতিমধ্যে পৌরসভার সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন