উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা দেওয়ার প্রতিবাদে গাজীপুরে রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেন আটকে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। শনিবার বিকেলে এই বিক্ষোভে ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–রাজশাহী রেলপথে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জয়দেবপুর–শিমুলতলী সড়কের মাঝিরখোলা এলাকার রেলক্রসিংয়ে 'ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন'-এর ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা রেললাইনে বসে পড়ে রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনটি আটকে দেন। এতে ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে, যা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি বৈষম্যমূলক। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তি সমস্যার কোনো কার্যকর সমাধান নয় বলেও দাবি করেন তারা।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা, বিতর্কিত কমিটি বিলুপ্ত করা এবং সংশ্লিষ্ট সার্কুলারের বিরুদ্ধে দায়ের করা রিটের দ্রুত নিষ্পত্তি। এর আগে শুক্রবার গাজীপুরের শিববাড়ি থেকে বিক্ষোভ মিছিল বের করে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন তারা। তখনই পূর্বঘোষণা অনুযায়ী শনিবার রেললাইন অবরোধের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বণিক জানান, বিকেল ৪টা ২৫ মিনিটে শিক্ষার্থীরা সিল্ক সিটি ট্রেনটি আটকায়। ফলে ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–রাজশাহী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি ছেড়ে যায় এবং ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল এবং শান্তিপূর্ণভাবেই বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেছে।
ডিবিসি/আরএসএল