গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে মধ্যরাতে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়ি আছমা আক্তারকে শ্বাসরোধে হত্যার ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন: পুত্রবধূ আরিফা আক্তার (২৬), উজ্জ্বল হোসেন (৪৬), শাহনাজ বেগম (৪৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পিরুজালী মধ্যপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটিকে 'ডাকাতি' হিসেবে সাজাতে আসামিরা আছমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিক তদন্তে ঘটনার পেছনে পারিবারিকভাবে সন্দেহের সূত্র ধরে নিহতের পুত্রবধূ আরিফা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরিফা হত্যাকাণ্ডে নিজের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে সহযোগী আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ডিবিসি/এসএফএল