গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে জৈনা বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত এই তীব্র যানজট দেখা যায়। এর ফলে ঈদে ঘরমুখী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
দুপুরে জৈনা বাজার বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা লেন তুলনামূলক ফাঁকা থাকলেও ময়মনসিংহমুখী লেনে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। যানজটের কারণে দূরপাল্লার গণপরিবহনগুলো একই স্থানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে।
যানজটে আটকে থাকা সৌখিন পরিবহনের বাসচালক রমিজ উদ্দিন জানান, তিনি ঘণ্টাখানেক ধরে জৈনা বাজার বাসস্ট্যান্ডে আটকে আছেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় অনেক গাড়ির ইঞ্জিন বন্ধ রাখা হয়েছে। পুলিশ কাজ করলেও সড়ক ফাঁকা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, প্রচণ্ড গরমে যাত্রীদের, বিশেষ করে শিশুদের খুব কষ্ট হচ্ছে।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মাওনা চৌরাস্তার পরে যানজটের সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। সড়কের বিভিন্ন প্রবেশমুখে এলোমেলোভাবে গাড়ি চলাচলের কারণেই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
ডিবিসি/আরএসএল