জেলার সংবাদ

গাজীপুরে তারাবিহ পড়তে বের হয়ে পোড়া লাশ হয়ে ফিরল মাদ্রাসাছাত্র

গাজীপুর প্রতিনিধি (ডিএম)

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর মাহাবুল হোসেন রনি (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তারাবিহর নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহাবুল খুরশীদিয়া মারকাযুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছিল। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। বর্তমানে তারা সপরিবারে ভবানীপুর এলাকার একটি বাড়িতে বসবাস করতেন।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পাশের একটি মসজিদে তারাবিহ পড়তে গিয়ে মাহাবুল আর বাড়িতে ফেরেনি। রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার সকালেও সন্ধান অব্যাহত রাখে তার পরিবার। পরে সকালে ভবানীপুর এলাকায় একটি হোটেলের পেছনে ঝোপের ভেতর স্থানীয়রা তার পোড়া লাশ দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

ছেলের মৃত্যুতে শোকাহত বাবা পেশায় পোশাককর্মী সোহাগ মিয়া জানান, কারো সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। বিনা অপরাধে কে বা কারা তার ছেলেকে হত্যা করেছে, তা তিনি বুঝতে পারছেন না।

 

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ওই মাদ্রাসাছাত্রকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন