বাংলাদেশ, জেলার সংবাদ

গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কারখানায় প্রবেশ করে কাজ শুরুর কিছুক্ষণ পর তারা কারখানার সাপ্লাইয়ের পানি পান করেন। এর কিছুক্ষণ পরই কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে মাথা ঘুরে পড়ে যাওয়া এবং বমিসহ নানা উপসর্গ দেখা দেয়। ধীরে ধীরে অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হতে শুরু করেন। জানা গেছে, অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।

 

কারখানার শ্রমিক জাহিদ, মাজেদুল ও তন্নি আক্তার জানান, প্রতিদিনের মতো আজও তারা কারখানার সাপ্লাই থেকে পানি পান করেছিলেন। এরপরই সবার মধ্যে এমন অস্বাভাবিকতা দেখা দেয়। দুই শতাধিক শ্রমিক মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান, অনেকেই বমি করেন এবং অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া অনেককেই কারখানার ভেতরে চিকিৎসা দেওয়া হয়।

 

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে বহু শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। একের পর এক রোগী আসায় হাসপাতালে জায়গা সংকুলান হচ্ছে না। চিকিৎসকরা তাদের যথাযথ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন