বাংলাদেশ, জেলার সংবাদ

গাজীপুরে প্রবাসীর স্ত্রী, সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি (ডিএম)

ডিবিসি নিউজ

শনিবার ৯ই মে ২০২৬ ০৯:২২:০৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী, সন্তানসহ ৫ জনকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে দুর্বৃত্তরা একই পরিবারের এ পাঁচজনকে গলা কেটে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন- ওই গ্রামের কাতার প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যাসন্তান এবং প্রবাসীর শ্যালক। তবে তাৎক্ষণিকভাবে তাদের সবার নাম বিস্তারিত জানা যায়নি।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের ভেতর ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে গলা কেটে হত্যা করে। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে মরদেহগুলো পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।


পরিবারের সদস্যদের দাবি, হত্যাকাণ্ড শেষে দুর্বৃত্তরা ঘর থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করতে এসে বাধা পাওয়ায় বা চিনে ফেলায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।


খবর পেয়ে ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন