বাংলাদেশ, জেলার সংবাদ

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে আহত ২৪

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২৩ শিক্ষার্থীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। আজ বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, আজ বুধবার বেলা আড়াইটার দিকে উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে আনুমানিক ৩০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি মাওনা চৌরাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে বাসটি মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২৪ জন আহত হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. তৌসিক সরকার জানিয়েছেন, আহতদের মধ্যে কেউ গুরুতর জখম হননি। বেশির ভাগ শিক্ষার্থীই বাসের কাচ দিয়ে কেটে গিয়ে এবং ভেতরে চাপা লেগে আহত হয়েছেন। তবে বাসের চালক ও তৃণা নামের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আহতদের চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

 

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পূরবী ও মাহিমা; এফডিটি বিভাগের লায়লা, সারা, আফরিন ও লিমন; ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগের শান্ত, সালমান, নুসরাত ও বন্যা; গণিত বিভাগের বাপ্পি ও তুরিণ; ইংরেজি বিভাগের নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয় ও তিথী; টেক্সটাইল বিভাগের নাজমুল; বাংলা বিভাগের তৃণা এবং ডিএনএফডিটি বিভাগের আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা।

 

গাজীপুর সদর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন