গাজীপুর সদর উপজেলায় মৃত ছাগলের মাংস বিক্রির দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ মে) দুপুরে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস। আটক তিনজনের মধ্যে একজনের বয়স কম হওয়ায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর পশ্চিমপাড়া এলাকার মোবারক ইসলামের ছেলে রাজিব হায়দার (২৩) এবং একই গ্রামের হাবিবের ছেলে শাওন (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির একটি ছাগল ঘাস খেতে গেলে পথে কুকুরের কামড়ে মারা যায়। কিন্তু তিনি মৃত ছাগলটিকে মাটিচাপা না দিয়ে জঙ্গলে ফেলে রাখেন। পরে ওই জঙ্গলে ঘোরাঘুরির সময় রাজিব, আল আমিন ও শাওন নামের তিন যুবক ছাগলটি দেখতে পান। তারা ছাগলটির চামড়া ছাড়িয়ে মাংস ভাগ করে এলাকায় বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা মৃত ছাগলের মাংস বিক্রির বিষয়টি স্বীকার করে নেয়।
এ অবস্থায় এলাকাবাসী ওই তিনজনকে আটকে রেখে জয়দেবপুর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আটক করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়।
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস জানান, মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজিব ও শাওনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বয়স কম হওয়ায় আল আমিনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়াসহ জয়দেবপুর থানা পুলিশের একটি দল।
ডিবিসি/কেএলডি