গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃদুল সরকার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার আমরাই-রায়েদ বাজার আঞ্চলিক সড়কের আমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মৃদুল তরগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের ছেলে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমতলী মোড়ের বাঁশঝাড় সংলগ্ন সড়কে আগে থেকেই ডিশ লাইনের তার পড়ে ছিল। সেই তারের সঙ্গে প্যাঁচিয়ে মৃদুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।
এ সময় সড়কে থাকা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সম্ভাবনাময় এই তরুণের মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত মৃদুল স্থানীয় হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. মাইন উদ্দিন বলেন, "মৃদুল অত্যন্ত ভদ্র, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।"
ডিবিসি/টিবিএ