গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি মোবাইল ও মোবাইল এক্সেসরিজের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) ভোরে কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর ২ নম্বর গেটে অবস্থিত ‘শাম্মী টেলিকম’ নামের ওই দোকানে এই আগুন লাগে। এতে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মোবাইল ফোন, এক্সেসরিজ ও আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
ভোরের দিকে স্থানীয়রা ওই দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভোরের দিকে আগুন লাগার কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দোকানের ভেতরের মালামাল পুড়ে যায় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। এই ঘটনায় আশেপাশের ব্যবসায়ীদের মাঝেও উদ্বেগ দেখা দিয়েছে।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, দোকানটি বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের ভেতরে থাকা মোবাইল ফোন, বিভিন্ন ধরনের এক্সেসরিজ, নগদ অর্থ ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মো. শাহজাহান স্বপন জানান, আগুনে তার দোকানের মোবাইল, মোবাইল এক্সেসরিজ ও নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
ডিবিসি/আরএসএল