মধ্যরাতে ডাকাত দেখে চিৎকার

গাজীপুরে শ্বাসরোধ করে শাশুড়িকে হত্যা, পুত্রবধূকে ছুরিকাঘাত

গাজীপুর প্রতিনিধি (ডিএম)

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের সদর উপজেলায় গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে লুট করার পাশাপাশি আসমা আক্তার (৪৫) নামে এক নারীকে গলা টিপে হত্যা করেছে। এই ঘটনায় তার পুত্রবধূ আরিফা আক্তার গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দিবাগত রাতে উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত আসমা আক্তার ওই এলাকার আনিস উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, আসমার স্বামী ও ছেলে স্থানীয় দুটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর কাজ করেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও তারা নিজ নিজ কর্মস্থলে ডিউটিতে চলে যান। এই সুযোগে রাতের কোনো এক সময় ডাকাত দল বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ও আলমারি ভেঙে প্রায় ৩ লাখ টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

 

লুটপাটের সময় আসমা আক্তার ও তার পুত্রবধূ চিৎকার করলে ডাকাতরা আসমাকে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় পুত্রবধূ আরিফাকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকেন। সকালে ডিউটি শেষে ছেলে সাকিব বাড়িতে ফিরে মায়ের মরদেহ এবং স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসমা আক্তারের মরদেহ উদ্ধার করে এবং আহত আরিফাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে ইতিমধ্যে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন