গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলানবাজার এলাকায় সারের মজুদে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোলানবাজার এলাকার সার ডিলার ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় স্টক রেজিস্ট্রারের সঙ্গে গোদামে থাকা বাস্তব সারের মজুদের পরিমাণে অসংগতি ও গরমিল পাওয়া যায়। এই অপরাধে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’-এর ৬ ধারায় মোট দুটি মামলা দায়ের করা হয় এবং প্রতিটি মামলায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো- প্রকাশ ট্রেডার্স এবং মেসার্স এস এস করপোরেশন। এর মধ্যে প্রকাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী নির্মল দাসকে (৬০), পিতা অমূল্য কৃষ্ণ দাস, সারের হিসাবে গড়মিল পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূঁইয়াকে (৩৪), পিতা মৃত আব্দুল কাসেম, ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে আদালতের কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। এ সময় প্রসিকিউটর ও বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন। অভিযানে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি বলে আদালত নিশ্চিত করেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, কৃষকদের মাঝে সঠিক সময়ে ও মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং সারের কোনো ধরনের কৃত্রিম সংকট বা কালোবাজারি রোধ করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সারের স্টকে অনিয়ম পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ডিবিসি/এসভিএন