গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে এক বিরল ও অভাবনীয় ঘটনার সাক্ষী হয়েছে দেশবাসী। উপজেলার দিগাবো গ্রামের বাসিন্দা কাজল মিয়ার স্ত্রী মাসুমা বেগম একসঙ্গে পাঁচটি সুস্থ সন্তান জন্ম দিয়েছেন।
গত রবিবার (৫ এপ্রিল) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই প্রসব সম্পন্ন হয়। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে এবং দুইটি মেয়ে রয়েছে।
চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাধারণত বহুগুণিতক গর্ভধারণের ক্ষেত্রে শিশুদের ওজন এবং স্বাস্থ্য নিয়ে বড় ধরনের ঝুঁকি থাকে। তবে এক্ষেত্রে ৫টি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজি, যা অত্যন্ত আশাব্যঞ্জক। প্রতিটি শিশুর ওজন গড়ে ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে রয়েছে।
দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম এই ঘটনাকে দেশের চিকিৎসা ইতিহাসের একটি অন্যতম বিরল রেকর্ড হিসেবে অভিহিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, বর্তমানে মা এবং পাঁচটি সন্তানই পুরোপুরি সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন।
বিস্ময়কর এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই দিগাবো গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকদের একনজর দেখার জন্য উৎসুক জনতা কাজল মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা ও শুভকামনা লক্ষ্য করা যাচ্ছে।
তবে সন্তানদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং পরিবারের গোপনীয়তা রক্ষায় এই মুহূর্তে সংবাদমাধ্যমের সাথে সরাসরি কথা বলতে বা সাক্ষাৎকার দিতে রাজি হননি নবজাতকদের বাবা-মা। তারা বর্তমানে সন্তানদের নিবিড় যত্ন এবং পারিবারিক সুরক্ষা নিশ্চিত করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
ডিবিসি/টিবিএ